বড় দরপতনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ইত্তেফাক রিপোর্ট

দেশের শেয়ারবাজারে গত মঙ্গলবার বড় দরপতন হওয়ার পর গতকাল বুধবার বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে লেনদেনের শুরুতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়। এতে প্রথম ৯ মিনিটিই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে যায়। পরে পরিস্থিতি বদলে যেতে থাকে। দাম বাড়ার তালিকায় নাম লেখাতে থাকে একের পর এক প্রতিষ্ঠান। ফলে বড় পতন কাটিয়ে দেখতে দেখতে ঊর্ধ্বমুখী হয়ে পড়ে সূচক এবং লেনদেন শেষে সব কটি মূল্যসূচকের বড় উত্থান হয়।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, লেনদেন শেষে ডিএসইতে ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৩টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৭১৯৬ পয়েন্টে উঠে এসেছে। আগের দিন এই সূচক ৭৭ পয়েন্ট কমে যায়।

প্রধান সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে অপর দুই সূচকের। এর মধ্যে ডিএসইর শরিয়াহ ১২ পয়েন্ট বেড়ে ১৫৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ২৬৪৯ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৪ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ৮৬ কোটি ৮২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৯০ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির ১১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৯১ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৮৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, সাইফ পাওয়ার টেক, ডেল্টা লাইফ ইনসিওরেন্স, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, লাফার্জাহোলসিম বাংলাদেশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

ডিএসইর লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১৬৭টির বা ৪৪ দশমিক ৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ডমিনেজ স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডমিনেজ স্টিল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির ৯ দশমিক ৩৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮ দশমিক ৭২ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮ দশমিক ৩৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮ দশমিক ১৭ শতাংশ, সোনালী পেপারের ৭ দশমিক ৬২ শতাংশ, ফার্মা এইডসের ৭ দশমিক ৪৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৭ দশমিক ১৪ শতাংশ, ফরচুনের ৬ দশমিক ৫৫ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৬০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৯টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।