স্পোর্টস রিপোর্টার
চার বছর আগের কথা। বল হাতে দুর্দান্ত ফর্ম নিয়ে ভারতে টি-২০ বিশ্বকাপে গিয়েছিলেন তাসকিন আহমেদ। বিশ্বকাপের শুরুটাও খারাপ ছিল না। কিন্তু প্রথম রাউন্ডেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন হোঁচট খায় তাসকিনের অনাকাঙ্ক্ষিত খবরে। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় মাঝপথেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। তার সঙ্গে আরাফাত সানিকেও হারিয়েছিল বাংলাদেশ।
তাদের বিদায়ে টাইগার শিবিরে নেমে আসে শ্মশান নীরবতা, বেঙ্গালুরের সংবাদ সম্মেলনে কেঁদেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিন বছর পর ইনজুরির কারণে ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দলেই সুযোগ পাননি তাসকিন।
আবারও দুয়ারে টি-২০ বিশ্বকাপ। এবার ভারত আয়োজক হলেও টুর্নামেন্ট হবে ওমান, সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন তাসকিন। বিশ্বকাপের দুঃসহ অতীত ভুলে যেতে চান এ তরুণ ফাস্ট বোলার। মরুর বুকে বিশ্বকাপ খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।
২০১৬ সালে বোলিং অ্যাকশনে ত্রুটি, ২০১৯ সালে ইনজুরি, টানা দুটি বিশ্বকাপের বাজে স্মৃতি মনে করিয়ে দিতেই গতকাল তাসকিন বলেছেন, ‘সত্যি কথা বলতে দুইটা স্মৃতিই আলাদা আলাদা যেগুলো অতীত, বর্তমানেই নজর দিতে চাই। আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি।’
বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এবং ওমান, দুবাইয়ে ম্যাচ খেলা প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। আমি খুবই এক্সসাইটেড, কারণ ওমানে এর আগে আমার কখনো খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্টগুলো হয়েছে আমি এখন পর্যন্ত ম্যাচ খেলিনি। ইনশা আল্লাহ আমার জন্য ওমান ও দুবাইতে খেলাটা একদম নতুন হবে যদি সুযোগ হয়। আমি চাই, ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতাতে।’
শরীফুলের অনুরোধেই ‘চেস্ট-বাম্প’
উদ্যাপন
উইকেট পেলেন তাসকিন আহমেদ। দৌড়ে এসে সতীর্থরা হাত মেলান, পিঠ চাপড়ে দেন। অধিনায়ক মাশরাফি আসতেই লাফিয়ে উঠে বুকে-বুক মেশান তাসকিন। ২০১৫ সালে ম্যাশকিনের এই ‘চেস্ট-বাম্প’ উদ্যাপন বেশ সাড়া ফেলেছিল। সর্বশেষ হোম সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই স্মৃতি ফেরান শরীফুল-তাসকিন। শরীফুল উইকেট পেতেই এমন উদ্যাপন করেছেন তারা।
গতকাল তাসকিন জানিয়েছেন অনুজ শরীফুলের অনুরোধেই চেস্ট-বাম্প উদ্যাপনে ফিরে এসেছে। তিনি বলেছেন, ‘এটা আমাকে শরীফুল বলছিল, বারবার যে ভাই একটা উদ্যাপন করা দরকার বিশ্বকাপে আমরা দুজনেই আছি। আমি বললাম, দেখ ঐভাবে তো কখনো উদ্যাপন করা হয়নি। একবারই করা হয়েছে মাশরাফি ভাইয়ের সঙ্গে, করলে ওটাই করতে পারিস।’