স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার সিরিজের পারফরম্যান্স উঠিয়েছিল শীর্ষস্থানে। তাও আবার তিন বছর পর; কিন্তু তার স্থায়িত্ব টিকল মাত্র এক সিরিজই। কেননা নিউজিল্যান্ড সিরিজের পর ফের সিংহাসন হারিয়েছেন সাকিব আল হাসান। তাকে টপকে টি-টোয়েন্টি অলরাউন্ড র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
অস্ট্রেলিয়া সিরিজে ১১৪ রানের পাশাপাশি সাত উইকেট নিয়েছিলেন সাকিব। সেই তুলনায় নিউজিল্যান্ড সিরিজে অনুজ্জ্বল ছিলেন তিনি। চার ম্যাচে ৪৫ রানের বিপরীতে নিয়েছেন চার উইকেট। তাতে র্যাংকিংয়ের দুইয়ে নামতে হয় এই অলরাউন্ডারকে। তার অবনতি হলেও উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। দুই ধাপ এগিয়ে অলরাউন্ড র্যাংকিংয়ের সেরা দশে ঢুকে গেছেন তিনি। একই সঙ্গে তিন ধাপ এগিয়ে ব্যাটিং র্যাংকিংয়ের ২৯-এ আছেন তিনি। তার মতো তিন ধাপ উন্নতি হয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমেরও (২৪)।
বোলিং র্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। দুই সিরিজে মোট ১৬ উইকেট নিয়ে ২৫ ধাপ উন্নতি হয়েছে তার। আছেন ১৫ নম্বরে। চার ধাপ এগিয়েছেন শেখ মেহেদী (২০)। দুই ধাপ এগিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান (৮)। তার ঠিক পরেই আছেন সাকিব (৯)।