টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে সাগর উপকূলে বুধবার ভোরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮৪ হাজার পিস ইয়াবাসহ মো. আমিন নামের এক ব্যক্তিকে আটক করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, বিসিজি স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক ফোর্স নিয়ে সাবরাং কাটাবুনিয়া ঘাটসংলগ্ন এলাকায় ঝাউবনের পাশ দিয়ে ব্যাগসহ এক ব্যক্তিকে হেঁটে আসতে দেখে থামার সংকেত দেন। পালিয়ে যাওয়ার সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৮৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরো জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।