বশেমুরবিপ্রবি সংবাদদাতা
দীর্ঘ ১৮ মাস পরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। এদিন আইন বিভাগ পরীক্ষামূলকভাবে সশরীরে ক্লাসের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার বলেন, দুটি বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেওয়া শুরু হয়েছে। অন্যান্য বিভাগও সশরীরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, এখনো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বরের পরে এ বিষয়ে জানা যেতে পারে। প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ২০১৯ সালের ১৮ মার্চ থেকে বশেমুরবিপ্রবির সব কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হলত্যাগের নোটিশ দেওয়া হয়েছিল। এরপর থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।