ধামরাইয়ে বহিষ্কৃত সেই নেতার বিরুদ্ধে আবার বিক্ষোভ

জুয়া, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে বহিষ্কৃত ধামরাইয়ের  আওয়ামী লীগ নেতা আব্দুল গণি সুমনের বিরুদ্ধে আবার ফুঁসে উঠেছে এলাকাবাসী। সূত্রাপুর গ্রামের শান্তি রক্ষা কামিটি গতকাল বুধবার বাস্তা চৌরাস্তায় তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এলাকার শত শত নারী-পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। এদিকে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সাংবাদিকদের জানান, নানা রকম অপকর্মের দায়ে তাকে দল থেকে বহিষ্কার এবং মামলা করার পরও তার সহযোগীরা আলোচিত সেই টর্চারসেল চালু করেছে। শান্তি কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে এবং সহযোগীরা তাকে এলাকায় পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। এই নেতার উত্থান আর ক্ষমতার উত্স কোথায় সেটাই এখন এলাকাবাসীর কাছে প্রশ্ন।