‘আমি সভাপতি, গাছ কাটতে অনুমতি নিব কার?’

কালীগঞ্জে বোয়ালী উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শত বছরের পুরোনো দুটি জামগাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পটুসহ জমিদাতা আরো চার-পাঁচ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছেন। তবে প্রভাবশালী হওয়ার কারণে ভয়ে ঐ দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ব্যাপারে মুখ খুলছেন না।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল গণি ভূঁইয়া। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হলেও বর্তমান কমিটির সদস্য। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চবিদ্যালয় পরিচালনা পর্যষের সভাপতি ও বোয়ালী গ্রামের বাসিন্দা।

বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পটু জানান, প্রায় শত বছরের পুরোনো দুটি জামগাছের মূল্য লক্ষাধিক টাকা। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাপতির একক ক্ষমতায় নামমাত্র মূল্যে গাছ দুটি বিক্রি করেছেন। এ বিষয়ে আব্দুল গণি ভূঁইয়া বলেন, ‘আমি সভাপতি, গাছ কাটতে কার পরামর্শ নিব?’

বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রিপন গাছ কাটার বিষয়ে কিছু জানেন না বলে জানান। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানছুরা আক্তার বলেন, ‘আমি বিষয়টি মৌখিকভাবে জেনে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহারকে জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি জানান, নিয়ম অনুযায়ী গাছ বিক্রি করতে বিদ্যালয় পরিচালনা পর্যদের রেজুলেশন করে উপজেলা পর্যায়ের কমিটিকে অবহিত করতে হয়। এরপর উপজেলা কমিটির সভা ডেকে অনুমোদনের সিদ্ধান্ত নিয়ে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু বিদ্যালয়ের সভাপতি এর কোনোটিই করেননি।