বোমা তৈরির সময় বিস্ফোরণ যুবক নিহত

যশোরের অভয়নগর এলাকার একটি বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। তার নাম শফিকুল ইসলাম। মঙ্গলবার রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার রাতে নিজ বাড়িতে বোমা বানানোর সময় গুরুতর আহত হয় ঐ যুবক। ঘটনার পরই তাকে নেওয়া হয় যশোর সদর হাসপাতালে  এবং

 পরে নেওয়া হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। যশোর অভয়নগর থানার এএসআই আইয়ুব আলী জানান, সোমবার অভয়নগর থানার রাজঘাট এলাকায় নিজ বাসায় বোমা তৈরি করার সময় বিস্ফোরণ হলে গুরুতর আহত হন শফিকুল। শফিকুলের বিরুদ্ধে অভয়নগর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। শফিকুল কেন ঐ বোমা তৈরি করছিলেন, তিনি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না, তার রুম থেকে উদ্ধার করা ধারালো অস্ত্রই বা কেন রাখা হয়েছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।