আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, ‘যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নাই, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?’ গতকাল বুধবার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো বলেন, বিএনপির জাতীয় সম্মেলন তো দূরের কথা গত এক যুগে তৃণমূল পর্যায়েও তারা কোনো সম্মেলন করতে পারেনি। এমতাবস্থায় যাদের দলেই গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলগতভাবেও আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় দেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে এগিয়ে রয়েছে। নির্বাচনবিমুখ একটি দল কীভাবে গণতন্ত্রের কথা বলে? যে দলের মহাসচিব জনগণের ভোটে নির্বাচিত হয়ে পদত্যাগ করে, কিন্তু তার দল সংসদে রয়েছে, এটা কোন গণতন্ত্র?
তিনি বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এক দিন বা এক বছরের বিষয় নয়, এটি সুদীর্ঘ প্রক্রিয়া। সরকার ও বিরোধী দলের আন্তরিক সহযোগিতা এবং চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে চলে। ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কারফিউ গণতন্ত্র আর মুখোশধারী সেবকদের হাত থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুদ্ধার করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, চলার পথে ভুলত্রুটি যে হয়নি এমন নয়, তবে এ ত্রুটি সংশোধনের সত্সাহস শেখ হাসিনা দেখিয়েছেন। গণতন্ত্র বিকাশের পথে বহু বাধা বিপত্তিকে অতিক্রম করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অবিরাম কর্মপ্রয়াস অব্যাহত রেখেছেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরিশাল সড়ক জোনের অধীনে নির্মিত ১২টি সেতু ভার্চুয়ালি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, লেবুখালী সেতুর কাজও শেষ পর্যায়ে, আগামী মাসের যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন।
যে ১২টি সেতু উদ্বোধন করা হয়েছে :রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়কে বাবুগঞ্জ সেতু, খাশের হাট সেতু, নবাবের হাট সেতু, কাউরিয়া সেতু ও খুন্না সেতু, বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর সড়কে গুরুধাম সেতু, কাঠালিয়া-বানাইঘাট সড়কে তফসের খেয়াঘাট সেতু, ভোলা-বোরহানউদ্দিন-লালমোহন-চরফ্যাশন সড়কে বাংলাবা সেতু, দেবীরচর-নাজুরপুর- লালমোহন-তজুমুদ্দিন সড়কে দেবীরচর সেতু, চরখালি-তুষখালি-মঠবাড়িয়া-পাথরথাটা সড়কে হেতালিয়া সেতু, মাদারসী সেতু।