নিম্নচাপ নিয়ে শঙ্কা কাটল

সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে

সাগরে লঘুচাপ থেকে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় এখন আর ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেই। তাই উঠিয়ে নেওয়া হয়েছে সতর্ক সংকেত। আগে থেকেই বলা হয়েছিল এবারের নিম্নচাপটি নিয়ে চিন্তার কিছু নেই। গত দুই দিন নিম্নচাপ থাকলেও দেশে তেমন কোনো ভারী বর্ষণ ছিল না।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মোংলাতে ১০৬ মিলিমিটার। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তেমন বৃষ্টি হয়নি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলার আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে পারবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ওড়িশা-ঝাড়খন্ড ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়, পরে আরো দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর মধ্যপ্রদেশ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কা নেই জানিয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলার আজ সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে পারবে।