স্বাস্থ্যের ‘উন্নতি’ দেখছেন স্বাস্থ্যমন্ত্রী, সংসদে তোপে

বিসিএস অফিসার হয়েও ডাক্তাররা কেন প্রাইভেট প্র্যাকটিস করেন : মুজিবুল হক চুন্নু

১২ বছরে ১০ লাখ কোটি টাকা পাচার, চলছে গণতন্ত্র-ভোটাধিকারের সংকট :হারুন

করোনায় অনেকে প্রাণে বাঁচলেও অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে : রুমিন ফারহানা

ইত্তেফাক রিপোর্ট

সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিত্সাসেবা এবং স্বাস্থ্য খাতে নানা অনিয়ম নিয়ে সংসদে আবারও তোপে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার সংসদে ‘মেডিক্যাল ডিগ্রিস (রিপিল) বিল-২০২১’ এবং ‘মেডিক্যাল কলেজ (গভর্নিং বডিস) (রিপিল) বিল-২০২১’ পাশের প্রক্রিয়ার সময় বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা স্বাস্থ্য খাতের নানা সমালোচনা করেন। একের পর এক বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের যৌক্তিকতা ও সেখানকার শিক্ষার মান, চিকিত্সকদের রাজনীতি করা, বেসরকারি হাসপাতালের চিকিত্সা ব্যয় এবং চিকিত্সকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে প্রশ্ন তোলেন তারা।

বিএনপি-জাপার এমপিদের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্য খাতের উন্নতি হয়েছে। করোনার সময় কেউ বাইরে যেতে পারেননি। সবাই দেশেই ছিলেন। কোভিড, নন-কোভিড সব চিকিত্সা দেশে হয়েছে। এখান থেকে বোঝা যায় হাসপাতালের অবস্থা ভালো।’ সরকারি চিকিত্সকদের রাজনীতি করা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ডাক্তারদের অ্যাসো-সিয়েশন রয়েছে। স্বাচিপ, বিএমএ রয়েছে। রাজনীতি তো সকলেই করতে পারে। প্রকৌশলী, আইনজীবীরা রাজনীতি করতে পারেন। সে অনুযায়ী চিকিত্সকরা অ্যাসোসিয়েশন করলে তাতে কোনো দোষ          বা অন্যায় দেখি না। তারা তো সেবা দিচ্ছে।’

ডাক্তাররা যদি রাজনীতি করেন তাহলে আমাদের কাজটা কী :ফিরোজ রশীদ

বিল পাশের প্রক্রিয়ায় জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, বিএনপি করে গিয়েছিল ড্যাব, আওয়ামী লীগ এসে করেছে স্বাচিপ। সেক্ষেত্রে আমরা কী কারণে বসে থাকছি? এই আইনের মধ্যে যদি মন্ত্রী আনতেন যে ডাক্তাররা এবং বৈজ্ঞানিকরা রাজনীতি করতে পারবেন না, তাহলে খুব খুশি হতাম। কিন্তু সেটা আনা হয়নি। ডাক্তাররা যদি এই দেশে রাজনীতি করেন, তাহলে আমরা কি করব? আমাদের কাজটা কী? যারা ভালো ছাত্র তারা ডাক্তারি পড়ে। কিন্তু তারা যদি রাজনীতি করে তাহলে আমরা সেবা বঞ্চিত হচ্ছি।

বিসিএস অফিসার হয়েও ডাক্তাররা কেন প্রাইভেট প্র্যাকটিস করেন :মুজিবুল হক চুন্নু

জাপার এমপি মুজিবুল হক চুন্নু বলেন, ‘অ্যাডমিন ক্যাডারের লোক, জজ বা পুলিশ ক্যাডারের লোকেরা তো চাকরি করে প্রাইভেট কোনো বিষয়ে কনসালট্যান্সি করতে পারবেন না। ডাক্তার সাহেবরা কেন বিসিএস অফিসার হয়ে ডিউটির পর প্রাইভেট প্র্যাকটিস করে? সেক্ষেত্রে তার যে মূল কাজ সেটা ঠিক থাকে না। মন্ত্রীকে বলব—যদি উপকার করতে চান, তাহলে ডাক্তার সাহেবদের প্রাইভেট প্র্যাকটিসটা আপনারা দয়া করে বন্ধ করার চেষ্টা করেন।’ চুন্নু বলেন, ভর্তির জন্য বেসরকারি মেডিক্যাল কলেজ কয়েক লাখ টাকা নেয় আনঅফিশিয়ালি। অন্যায়ভাবে তারা এত টাকা নিচ্ছে।’ একটি কমিটি করে বেসরকারি হাসপাতালে চিকিত্সাসেবার জন্য খরচের হার নির্ধারণ করে দেওয়ার দাবি জানান জাপার এই এমপি।

১২ বছরে ১০ লাখ কোটি টাকা পাচার, চলছে গণতন্ত্র-ভোটাধিকারের সংকট :হারুন

বিল পাশের প্রক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর জবাবের পর বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদ বলেন, ‘আজকে সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়াচ্ছেন যে বিএনপি দুর্নীতিতে নাকি চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে আমরা লজ্জায়, কারণ গত ১২ বছরে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আজ আর পরস্পরকে দোষারোপ না করে বর্তমানে গণতন্ত্রের যে সংকট চলছে, সেই সংকট থেকে আমরা কীভাবে বেরিয়ে আসব, মানুষের ভোটাধিকার আমরা কীভাবে নিশ্চিত করব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। হারুন বলেন, আমরা এখন পর্যন্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য করতে পারিনি। যারা আজকে সরকারি হাসপাতালে কর্মরত, তারাই আজকে বেসরকারি হাসপাতালের ব্যবসা করছে। এতগুলো বেসরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হলো, এগুলো কি মানসম্মত? বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে যারা শিক্ষা অর্জন করছে, তারা কয়জন বিসিএসে টিকছে? ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম-দুর্নীতি হয়েছে, এ ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করেছেন মন্ত্রী?

করোনায় অনেকে প্রাণে বাঁচলেও অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে :রুমিন ফারহানা

সংরক্ষিত আসনে বিএনপির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন—মানুষ কোনো বিষয় নিয়ে সাফার করছে, আর আমরা আলোচনা করছি কী? করোনাকালে অনেকে হয়তো প্রাণে বেঁচে গেছেন কিন্তু অর্থনৈতিকভাবে কতগুলো পরিবার পঙ্গু হয়ে গেছে, সেই খবর কী আমাদের কাছে আছে? করোনার আগে যেখানে মধ্যবিত্ত ছিল ৭০ শতাংশ, সেখানে মধ্যবিত্ত নেমে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। দরিদ্র মানুষ যেখানে ছিল ২০ শতাংশ, সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে।

জবাবে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনার জবাব দিতে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর ওয়াদা দেশের প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ হবে। সেটা পর্যায়ক্রমে হবে। সে অনুযায়ী ৩৮টি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। আস্তে আস্তে সব জেলায় হবে।

তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলো করোনার সেবা দিয়েছে। সেখানকার চিকিত্সা ফি নির্ধারণে আমরা বৈঠক করছি। আশা করি সেটার সমাধান হবে। বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। আর বিমানবন্দর জায়গা দেবে। আমরা শুধু কারিগরি সহযোগিতা দেব। আমরা শুনেছি দুই-এক দিনের মধ্যে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

সমালোচনাকারী এমপিদের ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ?‘উনারা বেশ এনার্জি দিয়ে চালিয়ে যাচ্ছেন। চালিয়ে যান, আমিও চালিয়ে যাব আপনাদের সঙ্গে। কাজেই কোনো অসুবিধা হবে না। আপনারা দোষ-ত্রুটি খুঁজে পাবেনই। সমুদ্রের মধ্যে দুই বালতি ময়লা ফেললে সমুদ্র নষ্ট হয়ে যাবে না, পানি নষ্ট হয়ে যাবে না।’

বিএনপির এমপিদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আমরা কী করেছি স্বাস্থ্য খাতে, আর আপনারা কী করেছেন। এ বিষয়টি একটু তুলে ধরতে চাই। কমিউনিটি ক্লিনিক ১৪ হাজার ছিল। প্রধানমন্ত্রী ক্লিনিকগুলো করেছিলেন, যেখানে ৩০ রকমের ওষুধ ফ্রি দেওয়া হতো। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। আপনারা এসে ওটাকে বন্ধ করে দিয়েছিলেন। স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের সময় দুর্নীতির কারণে মানুষ মারা গেছে, গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। আমরা তো উন্নয়ন করে পুরস্কার পেয়েছি। আর আপনারা পুরস্কার পেয়েছেন পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে।’

‘দ্রুত করোনার টিকা তৈরির প্রস্তুতি চলছে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার বক্তব্যে বলেন, এখন পর্যন্ত মোট ১৬ কোটি ডোজ করোনার টিকার অর্ডার দেওয়া হয়েছে। আমরা শুধু ভ্যাকসিন আনছি না, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—যত তাড়াতাড়ি সম্ভব দেশে করোনার ভ্যাকসিন তৈরি করতে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অতি দ্রুত দেশে ভ্যাকসিন তৈরি করা হবে।