রাজধানীর শাহবাগে দুইটি ভবনের মধ্য থেকে স্কলাসটিকা স্কুলের এক নারী কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ নারী কর্মকর্তার নাম ইভানা লায়লা চৌধুরী (৩২)। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। ইভানা স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ইভানার বাবার নাম আমান উল্লাহ চৌধুরী। তার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান। ইভানা তার পরিবারের সঙ্গে শাহবাগের হাবিবুল্লাহ রোডের (সাকুরা গলি) একটি ৯ তলা বাসার পাঁচ তলায় থাকতেন। গতকাল বুধবার বেলা ১২টা থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। এদিকে প্রতিবেশীরা ভবনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
শাহবাগ থানা জানিয়েছে, দুই ভবনের মধ্যে লাশ দেখে স্থানীয়রা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানায়। এরপর লাশটি উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার এসআই আব্বাস উদ্দীন পরিবারের বরাত দিয়ে জানান, পরিবারের লোকজন তাকে জানিয়েছেন, ইভানা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্বজনদের ধারণা তিনি লাফিয়ে পড়ে মারা গেছেন।