প্রথম বারের মতো নারীদের নিয়ে প্রথম বিভাগ দাবা লিগের আয়োজন করেছিল বাংলাদেশ দাবা ফেডারেশন। প্রথম আসরে নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করে রাখল। এক রাউন্ড হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। আট খেলায় পুরো ১৬ পয়েন্ট তুলে নিয়েছেন নৌবাহিনীর হয়ে খেলা মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, ওয়াদিফা আহমেদ, কাজী জারিন তাসনিম প্রমুখ দাবাড়ুরা। পুলিশ দ্বিতীয় এবং তিতাস ক্লাব তৃতীয় স্থানে রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তিনতলায় আজ বেলা ৩টা হতে নবম এবং শেষ রাউন্ডের খেলা শুরু হবে। এর পরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গ্র্যান্ডমাস্টার দাবা
প্রায় এক যুগ পর আবার বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আগামী ১৯-২৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এই টুর্নামেন্ট হবে সেটি গত সেপ্টেম্বরে ঘোষণা দেওয়া হয়েছিল। ১৬ জন গ্র্যান্ডমাস্টার এই টুর্নামেন্টে খেলবেন।