রবিবার থেকে ৪ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশন

আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ছয় ঘণ্টার বদলে চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আগামী রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সর্বশেষ সিদ্ধান্তের আলোকে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে বিদ্যুতের দৈনিক চাহিদার পিক আওয়ারে স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখতে হবে, যা বুধবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের আপত্তির কারণে সেই সিদ্ধান্ত ঐদিনই স্থগিত করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ৬৫৪টি সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করছে।