বই

‘এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার’

প্রকাশকাল : ২০২১। প্রকাশক :আশ্রয় প্রকাশন, ঢাকা। প্রচ্ছদ :রাজীব দত্ত। দাম :১৪৫০ টাকা

তিনিই তো বলেছিলেন, ‘ভালোবাসা দিতে পারি তোমরা কি গ্রহণে সক্ষম?’ জৈবিক মিথুন সত্তায় বিনয় মজুমদার অপ্রাপ্তির সুতীব্র বেদনা উপস্থাপন করে গেছেন অনাবিল শব্দ মাধুর্যে—কবিতার আকাশ। বাংলা কবিতার জগতে সে আকাশ অন্যরকম। আর আমরা পরিণত বয়সে যথেষ্ট সচেতন ও শ্রদ্ধায় তাঁর রচনা পাঠের সঙ্গে নিবিড় যোগাযোগ হওয়ার পর বুঝতে পারি—সে আকাশ আরো বিশাল, এক অন্য ভাবের সীমাহীন জগত্, সতত প্রবহমান।

কবিতাঅন্ত বিনয় জীবনের চালচিত্র আর বিনয়-প্রাণ সুধীজনের স্মৃতিচারণ, বিশ্লেষণ গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় হলেও ঋদ্ধ সম্পাদকদ্বয়ের সুরভিত গাঁথা কথামালায় উঠে এসেছে স্পষ্টভাবেই—‘এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার।’

জীবনধর্মে বাউল অথচ বয়সে গাণিতিক কবি ব্যক্তিত্বের নাম বিনয় মজুমদার। একদিকে আত্মসমাহিত অন্যদিকে আত্মঘাতী কবি বিনয়কে তুলে আনা সত্যিই কি সম্ভব? কবি বিনয় মজুমদারকে নিয়ে বিস্তর আলাপ-আলোচনা, তাঁর সাহিত্যকর্মের রসাস্বাদন তাঁর জীবন, জীবনের প্রাপ্তি, অপচয়, অপ্রাপ্তি, তাঁর জনপ্রিয়তা সমগ্র বিষয়াশই যেন এক প্রাচীন প্রত্নতত্ত্ব খননকার্য, ভেতরকার বিনয় মজুমদারকে খুঁজে পাওয়ার চেষ্টা। আমরা তাঁকে পাই জীবন-শিল্পের এক অকৃত্রিম শিল্পী হিসেবে। দুই বাংলার সাহিত্য ব্যক্তিত্বদের স্মৃতি-বিস্মৃতির কথামালা ও বিপুল বিশ্লেষণ নিয়ে প্রকাশিত এই সংকলনটি প্রকৃতপক্ষেই বিনয় মজুমদারকে নিয়ে এ যাবত্কালের সবচেয়ে বৃহত্ প্রকাশনা। সাফল্যের সুউচ্চতায় ধ্যানের মাধ্যমে পৌঁছুনো যায়, কবিতা-গণিত সে ধ্যানের একটি নাম—এ কথা আজ সকলের নিকট পরিষ্কার।

১৯৩৪ সালের ১৭ সেপ্টেম্বর এ কবি জন্মগ্রহণ করেন তত্কালীন বর্মায়। গণিতপ্রেমি, কবিতাপ্রেমি এবং প্রেমিক এ কবি সত্যিই বাংলা কবিতার বিস্ময়; বাংলা কবিতায় হাংরি জেনারেশনকেও উপেক্ষা করে নিজের মতো করে কাব্যজগত্ গড়ে তুলেছিলেন বিনয় মজুমদার; ভালোবেসেছিলেন এ কালের ইউরোপে স্বনামে খ্যাত তাত্ত্বিক, লেখক ও অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে, কিন্তু তা কখনো কবি প্রকাশ করে উঠতে পারেননি। ‘ফিরে এসো, চাকা’ নামক গ্রন্থে তিনি চাকারূপী গায়ত্রীকে চিরকাল ডেকে গেছেন, কিন্তু চাকা ফেরেননি। এ কারণেই হয়তো কবি বিনয় লিখেছেন—‘মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়;’

বিনয়কে নিয়ে সম্প্রতি তরুণ কবি ও সম্পাদক এহসান হায়দার এবং স্নিগ্ধদীপ চক্রবর্তীর সম্পাদনায় প্রকাশিত গ্রন্থটিতে পাঠক বিনয়ের সামাজিক জীবনকে পাবেন, পাবেন আচ্ছন্ন করা মানসিক জীবনের নির্যাস দিয়ে প্রতিস্থাপন করা এক আলোর মানুষ; কবিতার মাঝেই তাঁর চিত্তের লীলা এবং আপনার বিহারক্ষেত্র রচনা করেছেন যিনি। প্রিয় পাঠক বিনয়কে জানতে, বিনয়ের ভুবনকে চিনতে—‘এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার’ গ্রন্থটি আলোকক্ষেত্র, এক নবসজ্জিত বিনয় লাইব্রেরি; ‘ফিরে এসো, চাকা’, ‘অঘ্রাণের অনুভূতিমালা’, ‘হাসপাতালে লেখা কবিতা’সহ প্রভৃতি গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা এ কবির জন্মদিনে আজ—অকৃত্রিম শ্রদ্ধার্ঘ্য জানাই।

হেনা সুলতানা