আগামী ৩ ডিসেম্বর পর্দায় আসছে বিগ বাজেটের পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। এরইমধ্যে ছবিটি মুক্তি উপলক্ষে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ছবিটির অন্যতম পরিচালক সানী সানোয়ার। জানা গেছে, দেশের সঙ্গে বিদেশেও মুক্তি দেওয়া হবে ছবিটি। শিগগিরই ছবিটির ট্রেলার ও প্রমোশনাল কন্টেন্ট মুক্তির পাশাপাশি সেন্সরে জমা দেওয়া হবে।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেককে দেখা যাবে ছবিটিতে। ‘মিশন এক্সট্রিম’ ছবিটিতে অভিনয়ের জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে শিল্পী-কলাকুশলীদের। তারপরও ছবিটি মুক্তির তারিখ ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত তারা। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘ছবিটির চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে যে পরিশ্রম করেছি, তা কখনো ভোলার মতো নয়। ছবিটির জন্য বড় ধরনের ইনজুরিতে পড়তে হয়েছে আমাকে। এখনো সেই সমস্যা রয়েই গেছে। তবে ছবিটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে, এটা খুবই আনন্দের। সকল কষ্ট তখনই ভুলে যাবো, যখন ছবিটি দেখে দর্শকরা বলবেন অনেক ভালো হয়েছে।’