মুন্সীগঞ্জে নৈশপ্রহরীদের বেঁধে দুই সোনার দোকানে ডাকাতি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া বাজারে দুইটি সোনার দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যের বহনকারী ইঞ্জিনচালিত ট্রলারের মাঝি আহত হয়েছেন। পাশের মসজিদের সিসি ক্যামেরার ছবি দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ডাকাত দল শতাধিক ভরি সোনা ও ৪০ লাখ টাকা লুটে নেয় বলে জানা গেছে । এলাকায় পুলিশের অবস্থান টের পেয়ে ককটেল নিক্ষেপ করে স্পিডবোটে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা । বুধবার রাত আড়াইটার দিকে বাজারটির মনু নাগ ও নিখিল বণিক স্বর্ণ শিল্পালয়ে এ লুটের ঘটনা ঘটে ।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক ভুক্তভোগী দোকান মালিক ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, অন্তত ২০ জনের ডাকাত দল নদীপথে চিতলিয়া বাজারে আসে। অস্ত্র দেখিয়ে প্রথম বাজারের দুই নৈশপ্রহরী ও পরে বণিক স্বর্ণ শিল্পালয় নামের দোকান ও সংলগ্ন বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ফেলে। পরে নিখিল বণিক স্বর্ণের দোকান থেকে আনুমানিক শতভরি স্বর্ণ ও ৩৫-৪০ লাখ টাকা লুট করে নেয়। পরে পাশের মনুনাগ স্বর্ণ শিল্পালয় থেকে ছয়-সাত ভরি স্বর্ণ লুট করে। পরে ভুক্তভোগীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসে। মসজিদের মাইকেও ডাকাতি হওয়ার ঘোষণা করা হয়। এ সময় ট্রলারে টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে স্পিডবোট নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ঘটনায় স্থানীয় ও সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। জড়িতদের প্রেফতারে চেষ্টা চলছে।