জাল নিয়োগপত্র চক্রের দুই প্রতারক গ্রেফতার

বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ‘জাল নিয়োগপত্র’ দিয়ে ‘কোটি টাকা’ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে  গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গ্রেফতারকৃতরা হলো—রাজধানীর ভাটারা এলাকায় মাদানী অ্যাভিনিউয়ের ‘আস্থা গেটওয়ে লিমিটেড’ নামে কথিত একটি কোম্পানির চেয়ারম্যান আল আমিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনর রশীদ বাদল। গতকাল সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ইমাম হোসেন জানান, বুধবার তাদের  গ্রেফতারের সময় ঐ  চক্রের আরো তিন জন পালিয়ে গেছে।  প্রতারক চক্রটি আস্থা গেটওয়ে লিমিটেড নামে ভুঁইফোঁড় কোম্পানি খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিত। সেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে  চাকরি প্রার্থীদের জাল নিয়োগপত্র দেওয়া হতো। এই নিয়োগপত্র দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাত্ করে আসছে এই চক্র।  গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে চাকরিতে নিয়োগের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।

 ইমাম হোসেন আরো জানান, স্কুলের দপ্তরির চাকরিতে সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় না। সেসব চাকরির নামে তারা ভুয়া নিয়োগপত্র দিত, কারণ কেন্দ্রীয়ভাবে যেসব বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেগুলো সবাই জানে। সাধারণ মানুষের আস্থা অর্জনে নিয়োগপত্রে স্থানীয় সংসদ সদস্যের স্বাক্ষর নকল করত প্রতারক চক্রটি। ভুক্তভোগীরা এই নিয়োগপত্র নিয়ে যখন নিয়োগস্থলে যোগাযোগ করতেন, তখন জানতে পারতেন এটা ভুয়া।

এ রকম ৫০ জনের বেশি ভুক্তভোগী যোগাযোগ করেছেন। শিক্ষিত যুবক-যুবতীরা অভাবের তাড়নায় এবং বেকারত্বের কারণে এদের কাছে গিয়ে প্রতারিত হয়। গ্রেফতার দুই জন ও পলাতক তিন জনসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।