তদন্ত রিপোর্ট দাখিলে সময় পেল রাষ্ট্রপক্ষ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার মুকুল ও অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। তদন্ত শেষে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তা দাখিল করতে সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। ঐ দিন পরবর্তী শুনানি হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গতকাল এই আদেশ দেন। রিটের পক্ষে আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভুঁইয়া রাসেল ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানি করেন। ফোনালাপ ফাঁসের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ মোরশেদ আলম। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৩০ আগস্টের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়। তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে সময় চাওয়া হয়। শুনানি শেষে হাইকোর্ট সময় মঞ্জুর করে। ‘আমি গুলি করা মানুষ পিস্তল বালিশের নিচে থাকত’—শিরোনামে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। তাতে ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপ প্রকাশ পায়।  প্রতিবেদন যুক্ত করে রিট করা হয় উচ্চ আদালতে।