স্তন ক্যানসার সচেতনতা বাড়াতে চালু হচ্ছে বিনা মূল্যে স্ক্রিনিং

সময়মতো চিকিত্সা হলে ৯০ ভাগ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। এ জন্য প্রয়োজন সচেতনতা বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। স্তন ক্যানসার সচেতনতা বাড়াতে তাই চালু হচ্ছে বিনা মূল্যে স্ক্রিনিং প্রোগ্রাম। আগামী ১০ অক্টোবর  নবম বারের মতো পালিত হবে স্তন ক্যানসার সচেতনতা দিবস। এ বছর স্তন ক্যানসার নিয়ে সচেতনতার পাশাপাশি নারীদের স্ক্রিনিংয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট।

গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফ্রি স্ক্রিনিংয়ে সহযোগিতা করছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও আন্তর্জাতিক রোটারি জেলা-৩২৮১। আগামী পহেলা অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের একটি সাহসী কর্মসূচি হাতে নিয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সংস্থটির কার্যালয়ে (৭/৯, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা) এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিত্সক দিয়ে বিনা মূল্যে স্তন পরীক্ষা করানো হবে। বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শও থাকবে বিনা মূল্যে। আলট্রাসনোগ্রাম, ম্যামোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা—সবার জন্য অর্ধেক খরচে (মেডিনোভার সৌজন্যে) হবে।

অসচ্ছল নারীদের বিনা মূল্যে এই পরীক্ষাগুলো করানোর ব্যবস্থা—কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট রোগীকল্যাণ তহবিলের সহযোগিতায়। এই কর্মসূচিতে শনাক্ত স্তন ক্যানসার রোগীদের চিকিত্সায় সাধ্যমতো সহযোগিতা করা হবে। স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রাধান সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন। নিবন্ধন শুরু হবে ২১ সেপ্টেম্বর ।

নিবন্ধনের জন্য নাম, বয়স, ঠিকানা, ফোন/মোবাইল ফোন নম্বর, ই-মেইল (যদি থাকে) লিখে এসএমএস করতে হবে ০১৯৭৭-৫৯১৯০৭ এই নম্বরে। সমাজের বিত্তশালী ও হূদয়বানরা  এ বাবদ নিচের ব্যাংক হিসাবে অনুদান দিতে পারেন। হিসাব নম্বর  : ০৮৪১১২০০৪০৭৯৮। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, পান্থপথ শাখা, ঢাকা। নিবন্ধন করা যাবে নিচের ওয়েব সাইটে-www.communityoncologybd.org / www.breastcancerforumbd.org