চাটমোহরে দাম বেড়েছে পোলট্রি খাদ্যের

ছয় মাসের ব্যবধানে চাটমোহরে পোলট্রি খাদ্যের দাম বেড়েছে প্রায় ৩২ শতাংশ। ছয় মাস আগে বিভিন্ন কোম্পানীর ৫০ কেজি পোলট্রি খাদ্যের দাম ছিল এক হাজার ৬০০ টাকা। ছয় মাসের ব্যবধানে এখন ৫০ কেজি পোলট্রি খাদ্য বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ টাকায়। কিন্তু তুলনামূলকভাবে হাঁস, মুরগি ও ডিমের দাম না বাড়ায় লোকসান গুনতে হচ্ছে খামারীদের। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেকেই খামার বন্ধ করে দিয়েছেন।

চাটমোহর প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, চাটমোহর পৌরসদরসহ চাটমোহরের বিভিন্ন গ্রামে আড়াই হাজার হাঁস ও মুরগির খামার গড়ে উঠেছে। এসব খামারে উত্পাদিত হাঁস, মুরগি ও ডিম ঢাকাসহ দেশের অন্তত ১৬টি  জেলায় পাঠানো হয়। চাটমোহরে প্রতিদিন দশ লাখ ডিম উত্পাদন হয়। কিন্তু খাদ্যের দাম বাড়ায় অনেকে ব্যবসা বন্ধ করে দেওয়ায় হাঁস, মুরগি ও ডিম উত্পাদন কমে যাচ্ছে। মুরগির খামারীরা জানান, মুরগির খাদ্যের দাম বাড়ায় অনেকেই খামার বন্ধ করে দিয়েছেন। যেভাবে খাদ্যের দাম বেড়েছে সে তুলনায় মুরগি ও ডিমের দাম না বাড়ায় আবার অনেকেই ব্যবসার পরিধি কমিয়ে দিতে বাধ্য হয়েছেন।

চাটমোহর প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. রোকনুজ্জামান জানান, চাটমোহর পোলট্রি খাতে দেশের অন্যান্য অনেক এলাকা থেকে এগিয়ে রয়েছে। চাটমোহরে উত্পাদিত উদ্বৃত্ত ডিম বাইরে পাঠাচ্ছেন আড়তদাররা। তবে গত কয়েক মাসে পোলট্রি খাদ্যের দাম বাড়ায় এ ব্যবসায় ভাটা পড়েছে। খামারীরা জৈব নিরাপত্তার উপর গুরুত্ব দিলে রোগ বালাই কম হবে। এতে কিছুটা হলেও ক্ষতি পোষাতে পারবেন তারা।