পাবনায় স্কুলছাত্র হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ডাদেশ

পাবনা প্রতিনিধি

পাবনায় স্কুলছাত্র হাবিবুল্লাহ হাসান মিশু (১৪) হত্যা মামলায় আব্দুল হাদি (৩১) নামের একজনকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় বুধবার বিকালে এই রায় প্রদান করেন। নিহত মিশু পাবনা শহরের শালগাড়িয়া কসাইপট্টি মহল্লার মোটরসাইকেল ব্যবসায়ী মহসিন আলম ছালামের ছেলে ও পাবনা কলেক্টরেট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হাদি সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাতি ও বর্তমান পাবনা শহরের রাধানগর নারায়ণপুর মহল্লার গ্রামের আব্দুল করিমের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে সরকারপক্ষের আইনজীবী এপিপি সালমা আক্তার শিলু বলেন, ২০১৬ সালের ২৩ মার্চ হাবিবুল্লাহ হাসান মিশু প্রাইভেট পড়তে যায়। সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও মিশু আর বাড়ি ফেরেনি। পাবনার রামানন্দপুর একটি লিচু বাগানে স্টিলের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। ২৪ মার্চ মিশুর বাবা মহসিন আলম ছালাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।