কাউখালীতে বিনা মূল্যে চিকিত্সাসেবা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার গরিব রোগীদের বিনা মূল্যে চিকিত্সা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২৬ হর্স-এর ব্যবস্থাপনা ও বরিশাল সিএমএইচ-এর পরিচালনায় দিনব্যাপী চিরাপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) তিন জন বিশেষজ্ঞ চিকিত্সক সেবা প্রদান করেন। এরা হলেন বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মেজর রোবেল, চক্ষু বিশেষজ্ঞ মেজর নাভিদ এবং গাইনি বিশেষজ্ঞ মেজর শবনম ফারিয়া। দিনব্যাপী চিরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার তিন শতাধিক নানা বয়সি মানুষকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। দুপুরে মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেন এডিএমএস বরিশাল এরিয়ার কর্নেল রবিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এনাম। এডিএমএস বরিশাল এরিয়ার কর্নেল রবিউল আলম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত বরিশাল এরিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিনা মূল্যে গরিব রোগীদের চিকিত্সা সেবা দেওয়া হবে।