বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়ছেন কোহলি

গত কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনটাই সত্যি হলো! আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছেড়ে দেবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল টুইটারে নিশ্চিত করেছেন তিনি। তবে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ৩২ বছর বয়সি ক্রিকেটার।

গত পাঁচ বছরে সমানে তিন ফরম্যাটে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন কোহলি। নিজের পাশাপাশি দল নিয়েও তাকে চিন্তা করতে হতো। সেই চাপ কমাতে এবং ওয়ানডে ও টেস্টের প্রতি পুরো মনোনিবেশ করতে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টুইটারে কোহলি লেখেন, ‘কাজের চাপ বোঝা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। গত আট-নয় বছরে তিন ফরম্যাটে আমার খেলা এবং শেষ পাঁচ-ছয় বছরে নিয়মিত অধিনায়কত্বের কাজের চাপের পর আমার মনে হয়েছে টেস্ট ও ওয়ানডেতে ভারতকে পুরোপুরি নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে জায়গা দেওয়া দরকার। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দলকে আমি আমার সবকিছুই  দিয়েছি  এবং ভবিষ্যতে ব্যাটসম্যান হিসেবেও তেমনটাই করব।’

এমন সিদ্ধান্ত হুট করে নয়, বরং সবার সঙ্গে আলোচনা করেই নিয়েছেন কোহলি। তিনি আরো লেখেন, ‘অবশ্যই প্রচুর সময় ভাবার পর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আমার কাছের মানুষ, রবি (শাস্ত্রী) ভাই ও রোহিত শর্মা, যে কিনা নেতৃত্বে দলের অপরিহার্য অংশ, সবার সঙ্গেই আলোচনা শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। এ ব্যাপারে আমি বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ ও প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গেও কথা বলেছি।’ ভারতের অধিনায়ক হিসেবে কোহলির শুরুটা ২০১৪ সালে সাদা পোশাকে। দুই বছর পর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছাড়লে তিন ফরম্যাটেই ভারতের নিয়মিত অধিনায়ক বনে যান কোহলি।