কদিন বাদে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যাবে বাংলাদেশ। এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে দেশের ফুটবল। ফিফার র্যাংকিংয়ে আরো এক ধাপ অবনমন হয়েছে। ১৮৮ থেকে এক ধাপ নেমে ১৮৯ হয়েছে। বাফুফের বড় কর্তারা যখন ফুটবল ভবনের তৃতীয় তলায় সভা করছেন, ফিফার চিঠি নিয়ে বসেছেন, তখন ফিফার র্যাংকিংয়ের সিঁড়িতে আকের ধাপ নেমে আসার খবর জানতেন না কর্মকর্তারা।
সভা শেষে সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদীর পাশে ক্যামেরায় মুখ দেখানোর জন্য সদস্য ইলিয়াস হোসেন, সত্যজিত দাস রুপু, নুর হোসেন নুরু, টিপু সুলতান, ইমতিয়াজ সুলতান সবুজদের মধ্যে তখন ঠেলাঠেলি চলছিল।
বাংলাদেশ ছাড়াও ভারতের অবনমন হয়েছে। ১০৫ থেকে ভারত নেমেছে ১০৭ নম্বরে। সাফে খেলতে যাবে নেপাল, আছে ১৬৮ নম্বরে। মালদ্বীপ আছে ২৫৮ নম্বরে। আর শ্রীলঙ্কা আছে ২০৫ নম্বরে। সম্প্রতি ভারত নেপালে গিয়ে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে এসেছে। হারেনি দুই ম্যাচে। আর বাংলাদেশ খেলে এসেছে কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট। ফিলিস্তিন, কিরগিজস্তান এবং কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কাছে হেরেছে জামাল ভুঁইয়াদের বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়ন শুরু হবে ১ অক্টোবর। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আর ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। খেলা হবে মালদ্বীপে।
ফিফা প্রকাশিত র্যাংকিংয়ে ফ্রান্স এবং স্পেনও নেমেছে। হ্যারিকেনের ইংল্যান্ডের উন্নতি হয়েছে। উঠেছে ডেনমার্ক ও পর্তুগাল। ১ নম্বরে বেলজিয়াম, ২ নম্বরে ব্রাজিল, ৬ নম্বরে আছে আর্জেন্টিনা।