সিপিএলের শিরোপা ব্রাভো-গেইলদের

একেই বলে ফাইনাল। সেন্ট লুসিয়া কিংসের দেওয়া ১৬০ রানের লক্ষ্য পাড়ি দিতে শেষ ওভারের শেষ বল পর্যন্ত সময় নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। তিন উইকেটের রুদ্ধশ্বাস এই জয়ে প্রথম বারের মতো ক্যারবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শিরোপা জয়ের স্বাদ পেল ডোয়াইন ব্রাভোর দল। অবশ্য ব্রাভোর এটা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ১৫তম শিরোপা। আর একটি শিরোপা পেলেই কাইরন পোলার্ডকে পেছনে ফেলে সর্বাধিক শিরোপা জয়ের মালিক হবেন তিনি। সেন্ট লুসিয়ার ১৬০ রানের জবাবে ৯৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল সেন্ট কিটস; কিন্তু ডমিনিক ড্রাকসের ২৪ বলে তিন চার ও তিন ছয়ে ৪৮ রানে অপরাজিত ইনিংসে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।