আগামী নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলসহ ১০টি দল। এ টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। বাছাই পর্বের প্রস্তুতিতে যেটি সাহায্য করবে সালমা-জাহানারা আলমদের। স্বাগতিকদের বিরুদ্ধে সিরিজ খেলতে নভেম্বরের শুরুতেই দেশ ছাড়বে নারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। গত বছর টি-২০ বিশ্বকাপের পর করোনা ভাইরাসের ধাক্কায় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নারী ক্রিকেটাররা। সে ক্ষেত্রে এটিই হবে করোনা বিরতির পর সালমাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
সংবাদমাধ্যমকে নাদেল বলেছেন, ‘বিসিবি এবং জিম্বাবুয়ে ক্রিকেট এই সিরিজটি নিয়ে আলোচনা করেছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের নারী দল জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বিশ্বকাপের বাছাই পর্বের আগে। আমরা দ্বিপাক্ষিক সিরিজের জন্য শুধু ওয়ানডে ম্যাচকে বাছাই করেছি কারণ বিশ্বকাপ বাছাই পর্বটি ওয়ানডে ফরম্যাটে হবে। বাছাই পর্বের আগে আমাদের দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ হবে সিরিজটি।’