রেলের জমি উদ্ধারের সময় এক্সকাভেটরে আগুন দিল জনতা

শ্রীমঙ্গলে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি উদ্ধারের জন্য অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় উদ্ধার কাজে ব্যবহূত এক্সকাভেটরে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় সোলেমান মিয়া নামের এক জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার পৌর এলাকার ভানুগাছ রোডের রেলগেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভাতে সাহায্য করেন।

স্থানীয়রা জানায়, ভানুগাছ রোডের উত্তর পাশের রেলওয়ের ২৮৭ শতক ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি এক্সকাভেটর নিয়ে রেলগেট এলাকায় পৌঁছামাত্র কে বা কারা এক্সকাভেটরের ড্রাইভ কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার আতিকুল ইসলাম বলেন, অবৈধভাবে দখলকৃত রেল বিভাগের জায়গা উদ্ধার করার কাজে বৃহস্পতিবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে অভিযানে যায়। এ অভিযানে আসার পর দখলদারদের সঙ্গে আলাপের সময় জানা যায়, রেলের জমিসংক্রান্ত বিষয়ে আদালতে মামলা করা হয়েছে। কিন্তু অভিযানের     আগে মামলার কোনো কাগজপত্র রেলওয়ে কর্তৃপক্ষের নিকট কেউ উপস্থাপন করেনি, বরং রেল কর্তৃপক্ষের সঙ্গে কেউ কেউ বাগিবতণ্ডা শুরু করলে একপর্যায়ে অজ্ঞাত কেউ বা কারা এক্সকাভেটরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তদন্ত সাপেক্ষে রেল বিভাগ মামলার প্রস্তুতি নেবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে এসে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। মামলা এবং উচ্ছেদ বিষয়ে উভয়পক্ষের কাগজপত্র নিয়ে আগামী মঙ্গলবার যাচাই-বাছাইয়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে।