আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মতবিনিময় সভা করে বরিশাল মহানগর আওয়ামী লীগ। রাত ৮টার দিকে নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। বক্তৃব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, কাউন্সিলরদের পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুর রহমান ছাবিদ, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা হনুফা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুন নাহার মেরী প্রমুখ। এসময় বক্তারা বলেন, রাজনীতিতে ঘাত-প্রতিঘাত থাকবেই, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ ঘাত-প্রতিঘাত সহ্য করে ৭৬ বছর বয়সেও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। কিছু কিছু ঘটনা দলের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে ভুলে যেতে হয়। এসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন নেতা-কর্মীরা। সভা থেকে কেন্দ্রীয় দিকনির্দেশনা অনুযায়ী সব কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।