রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে সাত দিনের সফরে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে উড়াল দেন তিনি। সঙ্গে রয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কাছে ইসির সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হক ফৌজদারের পাঠানো এক চিঠি থেকে জানা যায়, তারা ২২ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে বিকাল সাড়ে ৫টায় ফিরবেন। রাশিয়ার জাতীয় সংসদ রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা (State Duma)-এর ভোট পর্যবেক্ষণ করতে দেশটিতে সাত দিন থাকবেন সিইসি। স্টেট দুমা নির্বাচনেও যন্ত্রে ভোট গ্রহণ করা হয়। তবে সেখানে বাংলাদেশের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয় না। সেখানে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমে (অপটিক্যাল স্ক্যান ভোটিং মেশিন) ভোট হয়। ১৯৯৫ সালে প্রথম নিম্নকক্ষের নির্বাচনে এ যন্ত্রে ভোট নেওয়া হয়। ১৯৯৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনেও এ যন্ত্র ব্যবহার করা হয়। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর নির্বাচন পর্যবেক্ষণ করবেন সিইসি। এরপর অন্যান্য কাজ সেরে দেশে ফিরবেন তিনি।