করোনা-পরবর্তী সময়ে সুস্থ থাকার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত জীবনাচার। সঠিক খাদ্যাভ্যাস, যোগ ব্যায়াম ও মেডিটেশন সুস্থ জীবনযাপনের জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে। সাংবাদিকরা সব সময় চাপের মধ্যে কাজ করে থাকেন। তাদের চাপমুক্ত থাকতে নিয়মিত ইয়োগা ও মেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গতকাল বৃহস্পতিবার নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগ ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় ‘মাইন্ড-ব্রেন রি-টিউনিং প্রোগ্রাম ফর পোস্ট-কোভিড ট্রমা ম্যানেজমেন্ট’ বিষয়ক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিআরইউর ৪০ জন সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ বলেন, শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের বিকল্প নেই। এছাড়া মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি এ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এ ধরনের কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। সংগঠনের কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন ও কার্যনির্বাহী সদস্য রুমানা জামান।