অতীতের সংকট থেকে শিক্ষা নিয়ে অন্যের উপর নির্ভরতা কমিয়ে আরো আত্মনির্ভরশীল হবার পথে অগ্রসর হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের প্রেসিডেন্টের বাত্সরিক ভাষণে সেই পরিকল্পনার রূপরেখা উঠে এলো। গত প্রায় দুই বছর ধরে একাধিক সংকট থেকে শিক্ষা নিতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। করোনা সংকট থেকে শুরু করে আফগানিস্তানে সেনা অভিযানের ক্ষেত্রে রাষ্ট্রজোট হিসেবে অন্যের ওপর নির্ভরতা যে মোক্ষম সময়ে কতটা অসহায় করে তুলতে পারে, ব্রাসেলস হাড়ে হাড়ে তা টের পেয়েছে। তাই সেসব দুর্বলতা কাটিয়ে আত্মনির্ভর হওয়ার সংকল্প নিয়ে এগিয়ে যেতে চায় ইইউ। ব্রিটেনের প্রস্থানের পর এমন সব মৌলিক সিদ্ধান্তের ক্ষেত্রে আগের মতো বাধার আশঙ্কাও কমে গেছে। ইইউ কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন তার দ্বিতীয় ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণে এমন সংকল্পের রূপরেখা তুলে ধরলেন। সম্প্রতি আফগানিস্তানের সেনাবাহিনীর দ্রুত পতন ও তড়িঘড়ি করে মার্কিন সেনাবাহিনীর পাততাড়ি গোটানোর সিদ্ধান্তের ফলে ইউরোপের একাধিক দেশের সৈন্যরা অসহায় হয়ে পড়েছিল। -ডয়চেভেলে