বিনোদন রিপোর্ট
ডিপজলের দেশপ্রেমভিত্তিক সিনেমা ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এফ আই মানিক পরিচালিত সিনেমাটির নির্মাণ অনেক আগে শুরু হলেও কিছু জটিলতার কারণে নির্মাণ কাজ শেষ হতে বিলম্ব হয়। অবশেষে সবকাজ শেষ করে সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়। গত বৃহস্পতিবার সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন। এর গল্প এবং বিষয়বস্তু ও নির্মাণশৈলী দেখে তারা ভূয়সী প্রশংসা করেন। সেন্সর বোর্ডের এক সদস্য বলেন, ‘সিনেমাটির বিষয়বস্তু সময়োপযোগী। এতে আমাদের সমাজের নানা অনিয়ম, অসামঞ্জস্যর বিষয়টি তুলে ধরা হয়েছে। এর প্রতিকারের ব্যবস্থা নিয়েও ম্যাসেজ দেওয়া হয়েছে। বিনোদনের পাশাপাশি আমাদের মূল্যবোধ সমন্নুত রাখার বক্তব্য সিনেমাটিতে চমত্কারভাবে তুলে ধরা হয়েছে।’ সিনেমাটি আনকাট ছাড়পত্র পাওয়ায় ডিপজল অত্যন্ত খুশি। তিনি বলেন, ‘সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি ম্যাসেজ দিতে। সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এতে আমাদের চেষ্টার বিষয়টি সফল হয়েছে। আশা করি, দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’ তিনি আরো বলেন, ‘আমি বরাবরই দর্শকের মনের মতো করে সিনেমা নির্মাণ করতে চাই। সিনেমায় একটি ভালো গল্প তুলে ধরতে চেষ্টা করি। আমার প্রত্যেকটি সিনেমায়ই মানুষের আবেগ-অনুভূতিকে ধারণ করে গল্প বলা হয়। এ দেশ তোমার আমার একটি ভিন্নধারার সিনেমা। এর গল্পটির শক্ত ভিত্তি রয়েছে। সিনেমাটিতে মৌসুমী, রোমানা, আন্নাসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। এটি একটি তারকাসমৃদ্ধ সিনেমা। উপযুক্ত সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’