চাটমোহরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরের বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে শুক্রবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। দুপুরের পরপরই কনের বাড়িতে বরযাত্রী হাজির হওয়ার কথা ছিল। মঞ্চ আর প্যান্ডেল তৈরির কাজও শেষ। অতিথি আপ্যায়নের জন্য বাড়ির ভেতরে চলছিল খাবার তৈরির ব্যস্ততা। এমন সময় গোপন খবরের ভিত্তিতে কনের বাড়িতে হাজির হন বিলচলন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং কর্মকর্তা থানার এসআই মমিনুল, এএসআই নুরুজ্জামান বাচ্চু ও উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। পরে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, করোনাকালে জনসমাগম করে বাল্যবিবাহর আয়োজন করেছিলেন তারা। আইন ভঙ্গ করায় তাত্ক্ষণিক বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কনের বাবার কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে।