সংবাদ সংক্ষেপ

 

আগৈলঝাড়ায় চায়না ও কারেন্ট জাল জব্দ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় বৃহস্পতিবার বিকালে অবৈধ সাতটি চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত জালগুলো পুড়িয়ে ফেলে। উপজেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণ গৈলা এলাকায় অভিযান চালিয়ে উন্মুক্ত জলাশয় থেকে প্রায় ১ হাজার ৪০০ মিটার দৈর্ঘ্যের সাতটি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের উপস্থিতিতে সন্ধ্যায় অবৈধ জালগুলো উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোহাম্মদ আলম উপস্থিত ছিলেন।

মেলান্দহে ক্লাবের উদ্বোধন

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা গ্রামের হতদরিদ্র-ছিন্নমূল মানুষের খাদ্য ও চিকিত্সাসহ স্বেচ্ছায় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে মেলান্দহের মেঘারবাড়ি গ্রামের ছাত্র-যুবকরা গড়ে তোলেছেন ধ্রুবতারা সামাজিক উন্নয়ন ক্লাব। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার। আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক প্রমুখ।

সোনাতলায় খামারিদের প্রশিক্ষণ সমাপ্ত

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা আধুনিক প্রযুক্তিতে গরু হূষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় সোনাতলায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ পরিদর্শন করেন প্রাণিসম্পদ দপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. উত্তম কুমার দাস, বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদুর রহমান প্রমুখ।

পাঁচ দফা দাবিতে সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটি ৫ দফা দাবিতে টুঙ্গিপাড়ায় সমাবেশ করেছে। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস। সংগঠনের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি আলিম দাড়িয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম তালুকদার মন্টু, কেন্দ্রীয় নেতা কার্তিক চন্দ্র পাল প্রমুখ।

করোনাকালীন পাঠদান বিষয়ে মতবিনিময়

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা হোসেনপুরে করোনাকালীন পাঠদান কার্যক্রম পরিচালনা ও সচেতনতা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়ছে। এছাড়া উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসাগ্রমী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে হোসেনপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা গুরুদাসপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ১১০ জন কৃষককে সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিনা মূল্যে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম মোল্লা প্রমুখ।

নারী ফুটবল প্রতিযোগিতা

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে বৃহস্পতিবার বিকালে জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাব। এতে শাহজাদপুর নারী ফুটবল একাদশ ট্রাইব্রেকারে কামারখন্দ নারী ফুটবল একাদশকে পরাজিত করে। জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা প্রমুখ।

 

০