চোরচক্রের গ্রেফতার ৫
বিশেষ প্রতিনিধি
মেট্রোরেল প্রকল্প থেকে চুরি করা মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করত গ্রেফতার হওয়া চক্রটির সদস্যরা। কিছুদিন আগেও চক্রটি প্রকল্পের দুই টন মালামাল ভাঙারির দোকানে বিক্রি করেছে। প্রকল্পের বিভিন্ন মালামাল চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িত চক্রটির মূল হোতাসহ পাঁঁচ সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে চক্রের প্রধান দেলোয়ার হোসেন, দুলাল হোসেন, হাসমত বেপারী, রবিন ও আনোয়ার হোসেন।
এ সময় তাদের কাছ থেকে মেট্রোরেলের কাজে ব্যবহূত এক টন ৩৫৪ কেজি চোরাই মালামাল ও তিনটি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার পল্লবী ও রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ। গতকাল দুপুরে পল্লবী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আরিফুল ইসলাম বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পল্লবীর সিরামিক রোড এলাকা থেকে দুলাল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের প্রধান দেলোয়ার হোসেনসহ বাকিদের গ্রেফতার করা হয়। এ চক্রের সঙ্গে আরো কেউ সংশ্লিষ্ট আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে মেট্রোরেলের মালামাল চুরির ঘটনা শুরু হয়। পল্লবী এলাকার মেট্রোরেলের ৮৪ নম্বর পিলার থেকে মিরপুর ১০ নম্বর এলাকার ২৪৭ নম্বর পিলার এলাকায় এসব মালামাল চুরি হচ্ছে। মো. আরিফুল বলেন, চুরিতে জড়িতরা কিছুদিন আগে মেট্রোরেলের দুই টন মালামাল বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করেছে। বৃহস্পতিবারের অভিযানে দুইটি দোকান থেকে মালামাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, মেট্রোরেলের স্টেশনগুলোতে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা আলাদা ফোর্সের ব্যবস্থাও করা হয়েছে।