ইত্তেফাক রিপোর্ট
নারী শিক্ষায় একসঙ্গে কাজ করবে অ্যাকশনএইড বাংলাদেশ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার অ্যাকশনএইড বাংলাদেশ তাদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সঙ্গে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় এ সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর আওতায় রাজধানীর মোহাম্মদপুরে অ্যাকশনএইড বাংলাদেশ প্রতিষ্ঠিত ‘হ্যাপি হোম’ কেন্দ্র বসবাসকারী সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের শিক্ষাগত ব্যয় বহন করা হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষে হেড অব কমিউনিকেশন ডিপার্টমেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজম খান এবং অ্যাকশনএইড বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ঢাকার পথশিশুদের কথা চিন্তা করে অ্যাকশনএইড বাংলাদেশ ২০০৬ সালে ‘হ্যাপি হোমস’ কর্মসূচি চালু করে। প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় ঢাকার পাঁচটি স্থানে পৃথক আবাসন গড়ে তোলার মাধ্যমে ৭-১৮ বছর বয়সি ১৫০ জন ছিন্নমূল কন্যাশিশুকে আশ্রয় এবং শিক্ষার সুব্যবস্থা করা হয়। ২০১৬ সাল থেকে পাঁচটি আবাসনকে মোহাম্মদপুরে একটি একক বাড়িতে একীভূত করার মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।