গতকাল শুক্রবার ভোরে রাঙ্গামাটির বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে সুরেশ কান্তি চাকমা ওরফে দীনেশ নামে এক জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সদস্য ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে একদল অস্ত্রধারী ব্যক্তি জারুলছড়ি গ্রামে পিসিজেএসএস সদস্য সুরেষ কান্তি চাকমার বাড়িতে গিয়ে তাকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খাঁন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে সুরেষ কান্তির লাশ উদ্ধার করি। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
এদিকে জেএসএস সন্তু লারমা দলের অন্যতম নেতা ত্রিদিপ চাকমা এই হত্যাকাণ্ডের জন্য জেএসএস এম এন লারমা (সংস্কার) দলকে দায়ী করেছেন। অন্যদিকে জেএসএস এম এন লারমা (সংস্কার) দলের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, বঙ্গতলীতে আমাদের এম এন লারমা (সংস্কার) দলের কোনো লোক নেই। তাদের অভ্যন্তরীণ কোন্দলে ঘটনাটি সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ পাহাড়কে অস্থিতিশীল করে তুলতে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।