কক্সবাজারে ‘অতিরিক্ত মদপানে’ মারা গেলেন ‘ছাত্রলীগ নেতা’

বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে ‘অতিরিক্ত মদপানে’ অসুস্থ হয়ে মারা গেছেন রাফসান ইরফান (২৭) নামে চট্টগ্রামের এক ‘ছাত্রলীগ নেতা’। শুক্রবার সকালে কলাতলী বীচ পয়েন্টের বে ওয়ান্ডার হোটেল হতে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে ধারণা করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহি উদ্দিন হোটেল বে ওয়ান্ডার কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, রাফসান ইরফান তার আরেক বন্ধুকে নিয়ে বে ওয়ান্ডারে উঠেন ১৫ সেপ্টেম্বর রাতে। ১৬ সেপ্টেম্বর রাত ৯টার পর তাদের অতিরিক্ত বুকের ব্যথা ও বমি হয়। ঐ সময় লেবুর রস ও তেঁতুল খেলে কিছুটা স্বস্তি অনুভব করেন তারা। এরপর ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার ভোরে আবারও বুকে ব্যথা বেশি অনুভব করলে তাদের দুই জনকে কক্সবাজারের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। তবে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় রাফসান ইরফানের।