ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষ্যে ৭১টি লাল গোলাপে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গোলাপ ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায় নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। ঢাকায় প্রাপ্ত খবরে এ তথ্য জানা গেছে। জন্মদিনে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ বিজেপি নেতারা। এছাড়া তাকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও।
উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাট রাজ্যের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২০১৪ সালের ২২ মে পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৬ মে থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।