রাজধানীর মিরপুরে লাভ রোডে পড়ে থাকা ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কেউ হত্যার পর রাতে এই মরদেহ সেখানে ফেলে গেছে বলে পুলিশের ধারণা। তবে আশপাশে সিটি করপোরেশনের সড়কবাতি নষ্ট থাকায় সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এ কারণে এই হত্যা রহস্য উদ্ঘাটন করতে বেগ পেতে হচ্ছে।
মিরপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের লাশ উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিচয়ও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় রশি বাঁধা ছিল। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিচয় নিশ্চিত না হওয়ায় গতকাল পর্যন্ত মামলা হয়নি বলেও জানান তিনি।