কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের বর্জনা মধ্য পাড়ার আনারস বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবকের নাম কাজল চন্দ্র বর্মন। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার পুনাসাল গ্রামের সুনীল চন্দ্র বর্মনের ছেলে। তার শ্বশুরবাড়ি কাপাসিয়া উপজেলার সদরের সাফাইশ্রী গ্রামে।
জানা যায়, কাজল তিন দিন আগে কাপাসিয়া তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত বুধবার শ্বশুরবাড়ি থেকে সেলুনে চুল কাটাতে যাবার কথা বলে বের হন। তারপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা লাশ শনাক্ত করে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।