আফগানিস্তানে কট্টরবাদ রুখতে হবে : মোদি

মধ্য এশিয়ার শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ ক্রমবর্ধমান উগ্রপন্থা ও মৌলবাদ। আফগানিস্তানের সামপ্রতিক ঘটনাবলি এই চ্যালেঞ্জকে বাড়িয়ে তুলেছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পূর্ণাঙ্গ বার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় গতকাল শুক্রবার এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীন ও পাকিস্তানের উপস্থিতিতে কট্টরপন্থা সম্পর্কে এই অভিমত জানিয়ে মোদি বলেন, শান্তি, সুস্থিতি ও নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি দূর করতে এসসিওকে বাড়তি উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, ‘আজ আফগানিস্তানে কী হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। সেখানে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। সে জন্য আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’