লালপুরে অবৈধভাবে আখ পরিবহনের অপরাধে জেল-জরিমানা

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় অবৈধভাবে ট্রলিতে করে আখ পরিবহনের অপরাধে শনিবার দুপুরে রিপন কুমার বিশ্বাস নামের এক জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোপালপুর-আব্দুলপুর সড়কের বাহাদিপুর এলাকায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শাম্মী আক্তার এ আদেশ দেন।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, রিপন কুমার বিশ্বাস একটি পাওয়ার ট্রলিতে আখ বোঝাই করে আব্দুলপুর এলাকায় অবৈধভাবেচালিত পাওয়ার ক্রাশার মালিকের কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বাহাদিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শাম্মী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিনিকল এলাকায় আখ পরিবহন ও গুড় মাড়াই সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করায় রিপন বিশ্বাসকে দণ্ডাদেশ দেওয়া হয়।