নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

এলপি গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দুর্গাপুর-কলমাকান্দা রাস্তার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে শনিবার মানববন্ধন করা হয়েছে। প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে সিপিবি উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় মানববন্ধনে আলোচনা করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার, সদস্য কমরেড শামছুল আলম খান, কমরেড ফরহাদ ইকবাল, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি আলমগীর হোসাইন প্রমুখ।