পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় চলতি বছর সুন্দরবনের গোলপাতার বিক্রি কমেছে। এতে বিপাকে পড়েছেন বাওয়ালি ও গোলপাতা ব্যবসায়ীরা। স্থানীয় বাওয়ালিরা ও গোলপাতা ব্যবসায়ীরা জানান, বছরের ডিসেম্বরে শুরু হয় গোলপাতা আহরণ মৌসুম। জানুয়ারি থেকে বিভিন্ন জেলার পয়েন্টে বিক্রয় শুরু হয়। কিন্তু এবারের চিত্র ভিন্ন। গোলপাতার ক্রেতা কম। বাওয়াল মো. কুদ্দুস গাজী ও নজরুল ইসলাম জানান, প্রায় ২৫ বছর ধরে সুন্দরবনের গোলপাতা ব্যবসা করে আসছেন। কিন্তু এ রকম পাতার ব্যবসায় ধস আগে কখনো দেখেননি তারা। গোলপাতা আহরণে যে পরিমাণ টাকা লগ্নি করা লাগে, সেই তুলনায় একেবারেই ব্যবসা নেই।
খুচরা গোলপাতা ব্যবসায়ী মদন বিশ্বাস ও কামরুল ইসলাম বলেন, এখন আর আগের মতো গোলপাতার চাহিদা নেই। বিক্রি কম হওয়ায় গেল বছরের গোলপাতাই রয়ে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বিষয়টি জরুরিভাবে দেখা হবে।