আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বোতেফ্লিকা মারা গেছেন

বিবিসি ও রয়টার্স

দীর্ঘদিন ধরে অসুস্থ আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আব্দেলআজিজ বোতেফ্লিকা ৮৪ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করে। টানা দুই দশক উত্তর আফ্রিকার দেশটি শাসন করা বোতেফ্লিকা ২০১৯ সালে পদত্যাগ করেন। পঞ্চম মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ঐ বছর প্রবল গণআন্দোলনের মুখে দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হন তিনি। ২০১৩ সালে স্ট্রোক করার পর থেকে তাকে জনসমক্ষে খুবই কম দেখা গেছে।

আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বোতেফ্লিকার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল অল্প বয়সেই। মধ্য বিশেই তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান, এ রেকর্ড এখনো অক্ষত। পররাষ্ট্রমন্ত্রী পদে তিনি ১৬ বছর দায়িত্ব পালন করেছেন; জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি ছিলেন সক্রিয়। সাধারণ পরিষদের সভাপতি থাকাকালে ১৯৭৪ সালে তিনি ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে জাতিসংঘে বক্তৃতা করার আমন্ত্রণ জানান, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছিলেন তিনি। নেলসন ম্যান্ডেলাকে প্রথম সামরিক প্রশিক্ষণ দেওয়ার কৃতিত্বও দেওয়া হয় বোতেফ্লিকাকে।

গত শতকের আশির দশকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নেন, পরে ঐ অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হলে দেশে ফেরেন তিনি। রক্তাক্ত গৃহযুদ্ধের পর ১৯৯৯ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন বোতেফ্লিকা; যে পদে তিনি ছিলেন দুই দশক।