‘অতিরিক্ত মদপানে’ অসুস্থ আরো এক ‘ছাত্রলীগ কর্মীর’ মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর ‘বে ওয়ান্ডার’ আবাসিক হোটেলে উঠে ‘অতিরিক্ত মদপানে’ অসুস্থ হয়ে পড়া আরো এক ‘ছাত্রলীগ কর্মীর’ মৃত্যু হয়েছে। তার নাম সাইমুন প্রিয়াম (২৫)। শনিবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিয়ামের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিস আহমেদ। এর আগে একই ঘটনায় শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার রাফসানুল হক (২৮) নামের এক ‘ছাত্রলীগ নেতা’ কক্সবাজারে মারা যান। প্রিয়াম তার সঙ্গেই অসুস্থ হয়েছিলেন।

জানা গেছে, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান্ডার নামের একটি হোটেলে ওঠেন রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ চার বন্ধু। হোটেল কর্তৃপক্ষের দাবি, তারা সকলে অতিরিক্ত মদ পান করে। এতে  তিন জন অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাফসানুল হকের মৃত্যু হয়। অপর দুই বন্ধু রায়হান ও সাইমুন প্রিয়ামের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় প্রিয়ামের মৃত্যু হয়। হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে, ঐ তিন বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। মৃত দুজন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।