ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেছেন। গতকাল শনিবার গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার সঙ্গে সরকারের মন্ত্রিসভা পদত্যাগ করেছে। কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অপমান সহ্য করে তিনি আর দলে থাকতে চান না।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে হঠাত্ করেই কংগ্রেসের বিধায়কদের সভা ডাকা হয়। বৈঠকে বেশির ভাগ বিধায়ক মুখ্যমন্ত্রী পদে পরিবর্তনের পক্ষে মত দেন। পাঞ্জাবে কংগ্রেসের দায়িত্বে থাকা হরিশ রাওয়াত এক টুইট বার্তায় এ তথ্য জানান। অমরিন্দর সিংয়ের দলীয় প্রতিপক্ষ নভজ্যোত সিং সিধু এই টুইট বার্তা শেয়ার করেন। পাঞ্জাব কংগ্রেসে নভজ্যোত সিং সিধুর অন্তর্ভুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে দলীয় বিবাদ প্রকট হয়। গতকাল সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেন অমরিন্দর। এ সময় তাকে দলের নির্দেশ জানিয়ে দেন সোনিয়া। পালটা দল ছাড়ার হুঁশিয়ারিও দেন অমরিন্দর।
গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘৫২ বছর ধরে রাজনীতি করছি। সমর্থকদের সঙ্গে কথা বলে রাজনৈতিক ভবিষ্যত্ স্থির করব। সময়, সুযোগ এলে আমি বিকল্পটি ব্যবহার করব। আগামী বছরের শুরুর দিকে উত্তর প্রদেশে, উত্তরাখণ্ডের সঙ্গে পঞ্জাবেও বিধানসভা ভোট হওয়ার কথা। অমরিন্দর দল ছাড়লে ঐ রাজ্য কংগ্রেসের হাতছাড়া হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
এদিকে পাঞ্জাব কংগ্রেসের সাবেক প্রধান সুনীল জাখার রাজ্যে দলীয় শৃঙ্খলা ফেরাতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি আহ্বান জানিয়েছেন।