অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ, ১০ পুলিশ আহত

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে শত শত মানুষ লকডাউনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে পুলিশ অন্তত ২৩৫ জনকে আটক করেছে। স্থানীয় সময় গতকাল দুপুর ১২টার দিকে প্রায় ১ হাজার বিক্ষোভকারী মেলবোর্ন শহরের রিচমন্ড এলাকায় জড়ো হন যাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না।

বিক্ষোভ মোকাবিলার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ নস্যাত্ করার জন্য পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয় এবং অনেকটা মারমুখিভাবে টহল দিতে থাকে। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করলে ২৩৫ জনকে আটক করা হয়। তারপরও লোকজন লকডাউনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং ১০ জন কর্মকর্তা আহত হয়েছেন যাদের ছয় জনকে হাসপাতালে নিতে হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে। ভিক্টোরিয়া পুলিশের কমান্ডার মার্ক গ্যালিয়ট বলেন, গ্রেফতার হওয়া ২৩৫ জনের মধ্যে ১৩৫ জনের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে। বাকিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং মাদক ব্যবহারের অভিযোগ গঠন করা হবে। একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানের কথা ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি এবং বায়রন বে-তে। -দ্য গার্ডিয়ান ও পার্স টুডে